

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৮ সপ্তাহব্যাপী বইপড়া কর্মসূচির ৪১তম ব্যাচে সদস্য সংগ্রহ শুরু করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ১২টি নির্বাচিত বাংলা সাহিত্য ও বিশ্ব কিশোর সাহিত্যের বই পড়ার সুযোগ থাকছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে সদস্য হতে পারবেন।
পাঠ সম্পন্নের ভিত্তিতে থাকছে তিন ধরনের পুরস্কার। ৭টি বই পড়লে ‘শুভেচ্ছা পুরস্কার’, ১০টি বই পড়লে ‘অভিনন্দন পুরস্কার’ এবং ১২টি বই পড়লে ‘সেরা পাঠক পুরস্কার’ দেওয়া হবে। অংশ নিতে শিক্ষার্থীদের কলেজ পরিচয়পত্র বা ভর্তি রসিদের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। সদস্য ফি ২০ টাকা ও ফেরতযোগ্য নিরাপত্তা জামানত ৮০ টাকাসহ মোট ১০০ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে বই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে খ্যাতনামা শিক্ষকরা নির্বাচিত বই নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও থাকবে। বিস্তারিত জানতে বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করা যাবে। ফোন: ০১৭৬১৪৯৬৪১৮, ০১৭৬১৪৯৬৪১৭ ও ০১৭৭১৪৭৫৪৯৫।