

দেশের সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৫৬ জেলার সকল উপজেলার আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উপযুক্ত অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচির প্রথম পর্যায়ে ৮টি জেলার আবেদন জমাদান সম্পন্ন হয়েছে এবং সেগুলোর বাছাই প্রক্রিয়া চলছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে দেশের ৫৬ জেলার সকল উপজেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানো, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক রূপান্তরে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগ্রহী তরুণদের নিজস্ব উদ্যোগ ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। কর্মসূচির বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সার্কুলারে পাওয়া যাবে।
আবেদনের ফর্ম ও সার্কুলার: https://www.bb.org.bd/…/smespd/sep132026smespd05e.pdf।