

দশম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস (জিএসইএ)-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দেশের শিক্ষার্থী উদ্যোক্তাদের উদ্ভাবনী, টেকসই ও সামাজিক প্রভাবসম্পন্ন ব্যবসায়িক ধারণা উপস্থাপনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এন্টারপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসইএ ও এন্টারপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের চেয়ার মোস্তাফা কামরুস সোবহান এবং র্যাংগস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ও ইও বাংলাদেশের সভাপতি সোহানা রউফ চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের পরিচালক মুর্তুজা জুলকার নাইন নোমান। এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, করপোরেট অংশীদার এবং এন্টারপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসইএ বাংলাদেশ ২০২৫-২৬ আসরের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রেজওয়ানুল ইসলাম। তাঁর উদ্যোক্তা উদ্যোগ ‘ইকো সেন্টিনেলস’ দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভাসমান কৃষি ব্যবস্থার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কাজ করছে।
প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) শিক্ষার্থী কাজী আহম্মেদ ইনকিয়াদ। তাঁর উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘পলিজুট লিমিটেড’ পাটের সেলুলোজ থেকে তৈরি পরিবেশবান্ধব জৈব প্যাকেজিং সমাধান উৎপাদন করছে।
উল্লেখ্য, গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস (জিএসইএ) শিক্ষার্থী উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।