/
/
ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
Byলাল সবুজ প্রকাশ
Published২২ ফেব্রুয়ারি, ২০২৬
১০:৫৮ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ChatGPT Image Feb 22, 2026, 10_55_09 AM

রাইজিং স্টার্স উইমেন্স এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব নির্ধারণী লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এই মেগা ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ‘এ’ দল। রোববার বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে দলটি। শেষ চারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগ্রেসরা। অন্যদিকে ভারত ‘এ’ দলও গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। ফলে দুই অপরাজিত দলের এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।

সেমিফাইনালের বাধা টপকে এখন বাংলাদেশের লক্ষ্য একটাই এশিয়ার মুকুট জয়। ফাইনালের আগে দলের অন্যতম সেরা বোলার সানজিদা আক্তার মেঘলা বলেন,
“আমরা দল হিসেবে ভালো খেলেছি বলেই আজ ফাইনালে। ভারতের বিপক্ষেও আমাদের লক্ষ্য থাকবে সম্মিলিতভাবে দলের প্রয়োজন অনুযায়ী সেরাটা দেওয়া। দেশবাসীর কাছে আমরা দোয়াপ্রার্থী।”

তবে ফাইনালের আগে বাংলাদেশ শিবিরের কিছু উদ্বেগও রয়েছে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা এখনো পুরোপুরি আসেনি। ওপেনিং জুটিতে ভালো সূচনা এলেও মিডল ও লোয়ার অর্ডারে রানের গতি ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে ব্যাটারদের। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই দুর্বলতা কাটিয়ে ওঠাই হবে ফাহিমা, তানজিমদের বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে বোলিং বিভাগ বরাবরের মতোই বাংলাদেশের শক্তির জায়গা। টুর্নামেন্টজুড়ে স্পিনাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। অধিনায়ক ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা নিয়মিত ব্রেকথ্রু এনে প্রতিপক্ষকে চাপে রেখেছেন। ফাইনালেও এই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া টাইগ্রেসরা।

পরিসংখ্যান বলছে, ভারত ‘এ’ দল রান তাড়া করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছাড়া বাকি তিন ম্যাচেই তারা পরে ব্যাটিং করে জয় পেয়েছে। তাই ভারতীয় ব্যাটারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই হবে বাংলাদেশের বোলারদের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত বছর হংকংয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার ব্যাংককের মাঠে সেই হারের প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেসরা।