

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। এ লক্ষ্যে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।
চিঠিতে আরও বলা হয়, অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, গাড়ির ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।