/
/
/
রামিসার সহপাঠীদের মানসিক সহায়তায় কর্মশালা
রামিসার সহপাঠীদের মানসিক সহায়তায় কর্মশালা
Byadminsr
Published
৫:০২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-24 at 4.54.33 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারের মর্মান্তিক মৃত্যুর পর তার সহপাঠীদের মধ্যে তৈরি হওয়া ভয়, দুঃখ, উদ্বেগ ও মানসিক চাপ মোকাবিলায় তাদের পাশে দাঁড়াতে পপুলার মডেল হাই স্কুলে বিশেষ মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামিসা এই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর পর সহপাঠীদের মধ্যে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
শিশুদের এই কঠিন সময় পার হতে সহায়তা করা এবং তাদের অনুভূতি প্রকাশের নিরাপদ সুযোগ তৈরি করার লক্ষ্যে লাল সবুজ সোসাইটি ও মেন্টাল হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মশালায় শিশুদের বোঝানো হয়, কোনো দুঃখজনক ঘটনা দেখার বা শোনার পর ভয় পাওয়া, মন খারাপ হওয়া, কান্না পাওয়া, ঘুমে সমস্যা হওয়া কিংবা বারবার সেই ঘটনা মনে পড়া অস্বাভাবিক নয়। এসব অনুভূতি নিজের মধ্যে চেপে না রেখে বাবা-মা, শিক্ষক, স্কুল কাউন্সেলর কিংবা অন্য কোনো বিশ্বস্ত বড় মানুষের সঙ্গে কথা বলার বিষয়ে তাদের উৎসাহিত করা হয়।
শিশুদের বয়স ও মানসিক বিকাশ বিবেচনায় রেখে পুরো কর্মশালাটি পরিচালিত হয় গল্প, ছবি আঁকা, খেলা এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে। শিশুদের নিজেদের অনুভূতি চিনতে এবং তা সহজ ভাষায় প্রকাশ করতে উৎসাহ দেওয়া হয়।
কর্মশালায় ভয় বা উদ্বেগের সময় নিজেকে কিছুটা শান্ত রাখতে শিশুদের জন্য সহজ কিছু অনুশীলন করানো হয়। এর মধ্যে ছিল ‘রেইনবো ব্রিদিং’ এবং ‘৫-৪-৩-২-১’ সেন্সরি গেম। পাশাপাশি কোনো কিছুতে অস্বস্তি বোধ করলে কীভাবে নিরাপদভাবে সাহায্য চাইতে হয়, সে বিষয়েও আলোচনা করা হয়।
আন্তর্জাতিক শিশু সুরক্ষা নীতি এবং ট্রমা-ইনফর্মড পদ্ধতি অনুসরণ করে কর্মশালাটি পরিচালনা করেন মনোবিজ্ঞানে স্নাতোকত্তর পড়ুয়া ফজলে আজিম, সামিরা আক্তার ইব্রা এবং অর্পিতা রায় লুশী। তাঁরা শিশুদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করে তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেন এবং মানসিক চাপ সামলানোর বয়স উপযোগী কিছু কৌশল শেখান।

লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মোমেনা শিফা রুমকি বলেন , “রামিসার মতো একজন সহপাঠীকে হারানো শিশুদের জন্য খুবই কঠিন অভিজ্ঞতা। এমন ঘটনার পর শিশুদের শুধু নিরাপত্তার কথা বললেই হয় না, তাদের ভয়, কষ্ট ও প্রশ্নগুলো শোনার জন্যও পাশে থাকতে হয়। এই কর্মশালার মাধ্যমে আমরা তাদের বোঝাতে চেয়েছি যে তারা একা নয় এবং মন খারাপ হলে কারও সঙ্গে কথা বলা স্বাভাবিক।”
পপুলার মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতার বিষয়টি শিক্ষার অংশ হিসেবেই গুরুত্ব পাওয়া প্রয়োজন। রামিসার সহপাঠীদের জন্য আয়োজিত এই কর্মশালার মাধ্যমে তারা নিজেদের অনুভূতি প্রকাশ এবং প্রয়োজনের সময় সহায়তা চাওয়ার সুযোগ পেয়েছে।
লাল সবুজ সোসাইটি ও মেন্টাল হেলথ কেয়ার ভবিষ্যতেও শিশুদের মানসিক স্বাস্থ্য, আবেগীয় বিকাশ ও সুরক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছে।