

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সংক্ষেপে এনআইএমসি চার সপ্তাহব্যাপী সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল প্রশিক্ষণ পাঠ্যধারার আয়োজন করতে যাচ্ছে। টিভি রেডিও এবং অনলাইন মাধ্যমে পেশাদার উপস্থাপক ও সংবাদ পাঠক অথবা পাঠিকা হিসেবে ক্যারিয়ার গঠনে আগ্রহী প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে এবং চলবে ০৫ অক্টোবর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী বাছাইয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৬ অক্টোবর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে ১১ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত পূর্ণকালীন এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। মোট আসন সংখ্যা ২০টি।
এই কোর্সে টিভি রেডিও ও অনলাইন সাংবাদিকতার মৌলিক ধারণা প্রমিত ভাষা শুদ্ধ উচ্চারণ বাচনভঙ্গি সাক্ষাৎকার গ্রহণ লাইভ রিপোর্টিং ব্রেকিং নিউজ পরিচালনা এবং স্টুডিও পরিবেশে ক্যামেরার সামনে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস প্রার্থীরা এই কোর্সে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। চূড়ান্ত নির্বাচনের পর কোর্স ফি বাবদ ৪০০০ টাকা প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীরা ২০০ টাকা ফরম ফি প্রদান করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার লিংক : www.nimc.gov.bd। এছাড়া নির্ধারিত সময়ে সরাসরি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের হিসাব শাখা থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।