

নারীপ্রধান দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীরা মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই অর্থ গ্রহণ করতে পারবেন।
সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
সোমবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ায় করা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয় প্রভাব রাখা হয়নি।
সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রতিটি নারীপ্রধান পরিবারকে আধুনিক স্মার্ট কার্ড দেওয়া হবে, যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের পাঁচজন সদস্য সুবিধা পাবেন। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সরকারি সূত্র জানায়, যেসব পরিবার অন্য কোনো সরকারি ভাতা, পেনশন বা সরকারি চাকরির সুবিধা পায় তারা এই ভাতা পাবে না। এছাড়া কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স, বড় ব্যবসাপ্রতিষ্ঠান, বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি, এসি বা পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলেও ওই পরিবার এই কর্মসূচির আওতায় আসবে না।
পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে প্রথম ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালির সামগ্রী, আয় এবং রেমিট্যান্সসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করেছে।