

মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী স্কুল-সংশ্লিষ্ট যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গনমাধ্যমকে জানান, বৈঠকে ঢাকার স্কুল সময়কে কেন্দ্র করে সৃষ্ট যানজট এবং তা নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি জানান, অনেক ক্ষেত্রে স্কুল শুরু ও ছুটির সময় বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে, যা আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাজধানীর একটি ১৫০ শিক্ষার্থীর স্কুলের সামনে প্রায় ১০০টি গাড়ি জমায়েত হয়, ফলে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়ে।
এই সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।