

দেশের ৬৪ জেলার বেকার যুবক-যুবতীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ করে তুলতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্স’-এ ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ডিওয়াইডি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পটির আওতায় দেশের ৬৪ জেলার আগ্রহী বেকার যুবক-যুবতীদের এআই বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, এসইও এক্সপ্যাট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট, কাইজেন আইটি লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড এবং উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ লিমিটেড।
আবেদনের জন্য প্রার্থীদের দেশের যেকোনো জেলার বাসিন্দা হতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। এছাড়া এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার বা আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণাসম্পন্ন, ইংরেজিতে দক্ষ এবং তথ্যপ্রযুক্তিতে আগ্রহী বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
আগ্রহীদের ২৫ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে যোগ্য প্রার্থীদের ২৮ জুলাই লিখিত এবং ২৯ জুলাই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ জুলাই ২০২৬ প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হবে। এছাড়া প্রশিক্ষণ চলাকালে দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করা হবে।
আবেদনের লিংক:
https://dydaiproject.com/apply