

চলচ্চিত্রপ্রেমীদের জন্য শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। আগামী ৯ আগস্ট (রবিবার) থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এ উৎসবের আয়োজন করছে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।
আয়োজকদের তথ্যমতে, তিন দিনের এই উৎসবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও প্রশংসিত মোট ৬টি চলচ্চিত্র পর্দায় দেখানো হবে। ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমাটি প্রদর্শনীর মাধ্যমে উৎসবের পর্দা উঠবে। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। উদ্বোধনী দিনের দ্বিতীয় প্রদর্শনীতে রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’।
উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড় ৫টায় খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ এবং রাত ৮টায় মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ প্রদর্শিত হবে।
সমাপনী দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় দেখা যাবে আমজাদ হোসেনের বহুল প্রশংসিত ছবি ‘দুই পয়সার আলতা’। পরবর্তীতে রাত ৮টায় আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের।