

শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাল সবুজ সোসাইটি বরিশাল টিমের উদ্যোগে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ বিষয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বরিশাল জেলার হাজেরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়। সেশনে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সেশনে শিক্ষার্থীদের বয়স ও মানসিকতা অনুযায়ী সহজ ভাষায় ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য তুলে ধরা হয়। পাশাপাশি, কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে কীভাবে সাহায্য চাইতে হবে এবং কাকে জানাতে হবে সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “শিশুরা যেন নিজের শরীর ও নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ ধরনের সেশন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক এবং শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।