/
/
/
আগামীকাল শুরু হচ্ছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’
আগামীকাল শুরু হচ্ছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’
Byলাল সবুজ প্রকাশ
Published২৭ জানুয়ারি, ২০২৬
৩:২৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of lsp photo (29)

তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি)। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত। এতে দেশি-বিদেশি মোট ৭৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

মেলার বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যৌথভাবে মেলার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ এখন অনেক দেশের জন্য রোল মডেল। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এবারের এক্সপোতে দর্শনার্থীদের জন্য নতুনত্ব থাকছে এবং এটি আরও আকর্ষণীয় ও কার্যকর একটি আয়োজন হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবন এবং দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন সেমিনার ও জ্ঞানভিত্তিক আয়োজন থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, আইসিটি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের অংশগ্রহণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভুঞা বলেন, হাই-টেক পার্কের সুফল এখন জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছেছে। এবারের এক্সপোতে দেশজুড়ে শিক্ষার্থীদের সেরা উদ্ভাবন প্রদর্শিত হবে।

বিসিএসের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রথম দিন উদ্বোধনের পর রাত ৮টা পর্যন্ত এবং অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রবেশ বিনামূল্যে হলেও অনলাইনে (www.ddiexpo.com.bd
) অথবা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এক্সপোতে থাকবে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন এবং বিটুবি জোন। ডিজিটাল ডিভাইস ও মোবাইল জোনে পণ্য কেনার সুযোগ থাকবে। প্রদর্শনী চলাকালে পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব সেমিনার ও প্যানেলে দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

এ ছাড়া স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গণ ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকবে। চার দিনের এই আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইপসন, অনর, এইচপি, লেনোভো, অপো, স্যামসাং, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, গিগাবাইট, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি। স্টারলিংক পার্টনার হিসেবে থাকছে স্টারলিংক ফিলিসিটি আইডিসি।

আয়োজকেরা আশা করছেন, এই এক্সপো দেশের প্রযুক্তিখাতের অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে এবং তরুণ উদ্ভাবকদের জন্য তৈরি করবে সম্ভাবনার নতুন দুয়ার।