

বিদেশে উচ্চশিক্ষা অনেক শিক্ষার্থীরই স্বপ্ন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা সেই স্বপ্নকে অনেক সময় দূরে ঠেলে দেয়। এমন বাস্তবতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান। দেশটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে দিচ্ছে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
কী থাকছে এই স্কলারশিপে?
এই স্কলারশিপের আওতায় আজারবাইজানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পছন্দের বিষয়ে পড়াশোনার সুযোগ মিলবে। সবচেয়ে বড় বিষয় আবেদন করতে কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। এমনকি ইংরেজি ভাষা দক্ষতার সনদ ছাড়াও আবেদন করা যাবে, যা অনেক শিক্ষার্থীর জন্য বড় সুবিধা।
বৃত্তির আওতায় থাকছে
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ৮০০ মানাত ভাতা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৫৫৬ টাকা)
ভিসা ও রেজিস্ট্রেশন ফি বহন
আবাসন সুবিধা
স্বাস্থ্যবীমা ও ভ্রমণ ভাতা
অর্থাৎ, পড়াশোনার পাশাপাশি জীবনযাপনের খরচের বড় অংশই বহন করবে এই স্কলারশিপ।
কারা আবেদন করতে পারবেন?
যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে প্রোগ্রামভেদে
স্নাতক: সর্বোচ্চ ২৫ বছর
স্নাতকোত্তর: সর্বোচ্চ ৩০ বছর
পিএইচডি: সর্বোচ্চ ৪০ বছর
তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
যেসব নথি লাগবে
আবেদনের জন্য প্রয়োজন হবে
জীবনবৃত্তান্ত (সিভি), পাসপোর্টের কপি, রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাজ এবং পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল।
কীভাবে করবেন আবেদন?
আবেদন করতে হবে অনলাইনে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? অর্থনৈতিক দুশ্চিন্তা যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে আজারবাইজানের এই স্কলারশিপ হতে পারে আপনার জন্য একটি বড় সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারেন আপনিও।
শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৬।