

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘এক ঠিকানায় সব নাগরিক সেবা’ নিশ্চিত করতে টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র চালু করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় কেন্দ্রটি চালু করা হয়।
এর আগে, গত ২৫ জানুয়ারি টিএসসিতে এ কেন্দ্র চালুর ঘোষণা দেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। পরে ১১ ফেব্রুয়ারি কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নাগরিক সেবা কেন্দ্র চালুর বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিভিন্ন সেবার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যেতে হয়। সেখানে অনেক সময় দালাল চক্রের দৌরাত্ম্য ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এসব সেবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে ভোগান্তিমুক্তভাবে নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কিছু সেবার ক্ষেত্রে এখনো পুরোপুরি ওয়ান-স্টপ সলিউশন সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এটুআই কাজ করছে। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাই এ কেন্দ্র থেকে উপকৃত হবেন।’
জানা গেছে, এ কেন্দ্র থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিজিটাল সাইনিং, ডিজিটাল জিডি, ভূমিকর, ই-পর্চা, ইউটিলিটি বিল ও কর পরিশোধসহ সরকারের বিভিন্ন সেবা পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।