

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বাঁশ-বেত শিল্প ক্লাস্টারে ২৫-২৬ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ‘বাঁশ-বেত সিজনিং ও ট্রিটমেন্ট’ বিষয়ক কর্মশালা। কর্মশালার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন, সহযোগিতায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। ক্লাস্টারটিতে বাঁশ-বেত শিল্পের সঙ্গে প্রায় ১৫০টি পরিবার যুক্ত, যারা বিভিন্ন গ্রহস্থলি ও হোম ডেকর পণ্য তৈরি করেন। শিল্পে নারী-পুরুষসহ মোট ৬০০ জন কর্মী যুক্ত রয়েছেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে প্রাকৃতিক ও রাসায়নিক পদ্ধতিতে বাঁশ-বেত ও কাঠের স্থায়িত্ব বৃদ্ধি করা যায়, কাষ্ঠ শুষ্কিকরণ ও শক্তি নিরূপণ করা যায়, এবং কীভাবে সৌর কিল্ন বা মিনিগ্লাসহাউস ব্যবহার করে সময় ও খরচ বাঁচিয়ে উৎপাদন বৃদ্ধি করা যায়। বিশেষভাবে শেখানো হয় কীভাবে বি-বি সল্যুশন ব্যবহার করে কিটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ থেকে বাঁশ-বেত ও কাঠকে রক্ষা করা যায়।
সাধারণত রোদে ১৫-৪০ দিন সময় লাগে সিজনিংয়ের জন্য, কিন্তু সৌর কিল্ন বা মিনিগ্লাস হাউস ব্যবহারে তা মাত্র ৩-১০ দিনে সম্পন্ন করা সম্ভব, যা উৎপাদন বৃদ্ধি এবং কাঁচামালের অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় কর্মকর্তা, কাষ্ঠ সংরক্ষণ বিভাগ, বিএফআরআই এবং ড. মোঃ রওশন আলী, বিভাগীয় কর্মকর্তা, কাষ্ঠ শুষ্কিকরণ ও শক্তি নিরূপণ বিভাগ, বিএফআরআই। এছাড়া উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম ও জুনিয়র অফিসার মোঃ আবু সুফিয়ান। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।