

রাজধানী ঢাকায় শুরু হচ্ছে পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল উৎসব ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ মেলা।
মিরপুর-১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
‘ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এবং ‘সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি’-এর সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
মেলার আকর্ষণ
এবারের মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষিপণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং পাহাড়ি সুস্বাদু খাবারের সমাহার থাকবে।
প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচের পরিবেশনা অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে (১১ এপ্রিল) বিশেষ আকর্ষণ হিসেবে লটারি ড্র অনুষ্ঠিত হবে।
মেলায় অংশ নিচ্ছেন পাহাড়ি নারী উদ্যোক্তা জিলিয়ান তালুকদার। তার ‘কোরিয়ান গ্ল্যাম বাংলাদেশ’ স্টলে পাহাড়ি ঐতিহ্যের পাশাপাশি কোরিয়ান পণ্যও পাওয়া যাবে।
এছাড়া হেবাং রেস্তোরাঁর স্বত্বাধিকারী বিপলী চাকমা জানান, গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শনার্থীদের জন্য বিভিন্ন মুখরোচক পাহাড়ি খাবারের আয়োজন রাখা হয়েছে।
স্পেশাল বিজু বাজার
মেলার আনুষ্ঠানিক সমাপ্তির পরদিন ১২ এপ্রিল (রোববার) বসবে ‘স্পেশাল বিজু বাজার’। এ দিনে টাটকা সবজি, ঐতিহ্যবাহী পোশাক ও শুকনা খাবারের বিশেষ বাজার অনুষ্ঠিত হবে, যা উৎসব উপলক্ষে কেনাকাটায় সহায়ক হবে।
আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা বলেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, পোশাক ও খাদ্যের প্রতি নগরবাসীর আগ্রহ অনেক। রাজধানীর মানুষের কাছে সেই সংস্কৃতির স্বাদ পৌঁছে দিতেই এ আয়োজন।
আহ্বায়ক দো অং মারমা রাজধানীবাসীকে মেলায় অংশ নিয়ে পাহাড়ের সংস্কৃতির সঙ্গে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।