

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় ‘লেভেল আপ লাইভ’ শীর্ষক বিনামূল্যে ফটোগ্রাফি ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে Pexels APAC। এ আয়োজনের অংশ হিসেবে আগামী ৬ আগস্ট ঢাকায় এবং ১৬ আগস্ট ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় কর্মশালা অনুষ্ঠিত হবে।
Pexels APAC-এর প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ফটোগ্রাফার, ভিডিও নির্মাতা ও ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করে শেখা, ছবি তোলা, অভিজ্ঞতা ও ধারণা বিনিময় এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ঢাকার কর্মশালাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে। এতে অংশগ্রহণকারীরা ” শিখুন, ছবি তুলুন, অন্যদের সাথে শেয়ার করুন “এই তিন ধাপের মাধ্যমে আলোকচিত্রে গল্প বলার কৌশল, ছবির বিন্যাস , আলো ও ক্যামেরা নিয়ন্ত্রণের মৌলিক বিষয় শেখার পাশাপাশি ব্যবহারিক অনুশীলন, প্রশ্নোত্তর এবং অন্যান্য আলোকচিত্রী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন আলোকচিত্রী মোহাম্মদ রকিবুল হাসান, যিনি আলোকচিত্রে গল্প বলার কৌশল নিয়ে আলোচনা করবেন। এছাড়া সুদীপ্ত সালাম ক্যামেরা নিয়ন্ত্রণ ও ছবির বিন্যাস বিষয়ে ব্যবহারিক সেশন পরিচালনা করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাদার ক্যামেরা, মোবাইল ফোন বা ফিল্ম ক্যামেরা – যে মাধ্যমেই ছবি তোলা হোক না কেন, নতুন ও অভিজ্ঞ, সব স্তরের আলোকচিত্রী এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ আয়োজন উন্মুক্ত। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও আসনসংখ্যা ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ।
বিশ্ব ফটোগ্রাফি দিবসকে কেন্দ্র করে আয়োজিত মাসব্যাপী এই উদ্যোগে বাংলাদেশে আয়োজক হিসেবে রয়েছে সমগ্র বাংলাদেশ এবং অংশীদার হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কর্মশালার বিস্তারিত তথ্য ও নিবন্ধনের লিংক Pexels APAC-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন