

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ ছুটির সম্ভাবনা। ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, নির্ধারিত ছুটির সঙ্গে কয়েক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হতে পারে।
ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ মার্চ শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) একদিন কর্মদিবস। ওই দিন একদিনের নৈমিত্তিক ছুটি নিলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যেতে পারে (সাপ্তাহিক ছুটিসহ)।
এরপর ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। তার পরের দিন ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে।
এই দীর্ঘ ছুটি কাজে লাগিয়ে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো বা ভ্রমণের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে দাপ্তরিক কাজে যেন স্থবিরতা তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।