

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জয়নুল গ্যালারিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর পর্দা ওঠে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিভাগীয় চেয়ারপার্সন ড. ভদ্রেশু রীটার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শানীলা শাবনাম ও রাইয়ান কায়েস।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জনকে পুরস্কৃত করা হয়। স্মৃতি পুরস্কার পেয়েছেন এস এম মাহমুদুল হাসান, দুর্জয় গোস্বামী, আবদুল্লাহ আল মানিক ও অন্তর কুমার বিশ্বাস।
শ্রেণিভিত্তিক পুরস্কার পেয়েছেন আল আলিফ দিপু, রওশন জাহান, মোছা. মিথিলা ফারজানা, শানীলা শাবনাম, ইরিন জাহান অন্তরা ও দীপ্ত আচার্য্য।
এছাড়া নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার ও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন রাহাত ভূঁইয়া। বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন সজীব জোয়ার্দার। কামরুল হাসান স্বর্ণপদক অর্জন করেছেন হৃদয় কর্মকার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রদর্শনী ঘুরে দেখেন।