

অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ‘মেধাবিকাশ’ বৃত্তির ঘোষণা দিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। আমিনুল আলম ট্রাস্টের সহযোগিতায় পরিচালিত এ বৃত্তি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে (Session: 2025-26) মেডিকেল কলেজে (এমবিবিএস) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
ব্র্যাক জানায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বপ্নপূরণে আর্থিক সীমাবদ্ধতা যেন বাধা হয়ে না দাঁড়ায়—সেই লক্ষ্যেই এ উদ্যোগ। কর্মসূচির উদ্দেশ্য হলো সহানুভূতিশীল, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মেধাবীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা।
আবেদন সংক্রান্ত নির্দেশনা
যোগ্যতা: ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে নতুন ভর্তি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
তথ্য প্রদান: এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং মেডিকেল কলেজে ভর্তি নিশ্চিতকরণপত্রের পরিষ্কার স্ক্যান কপি (PDF/JPEG ফরম্যাটে) আপলোড করতে হবে।
পারিবারিক আয়: পরিবারের মাসিক বা বার্ষিক আয়ের সঠিক তথ্য দিতে হবে; প্রয়োজনে তা যাচাই করা হতে পারে।
যোগাযোগের তথ্য: সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে।
ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। সংগৃহীত সব তথ্য গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র বৃত্তি কার্যক্রমের প্রয়োজনে ব্যবহার করা হবে।
আবেদন করতে https://docs.google.com/…/1FAIpQLSfjhdyHxIxnrT…/viewform লিংকে ক্লিক করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আবেদন শেষ তারিখ আগামী ১৫ মার্চ ২০২৬।