

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববাসী এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। পূর্ণিমার উজ্জ্বল চাঁদ পৃথিবীর ছায়ার আড়ালে চলে গিয়ে লালচে বা তামাটে বর্ণ ধারণ করবে। ২০২৬ সালের প্রথম এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামে পরিচিত। এ গ্রহণের পর ২০২৮ সালের আগে আর কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পরপরই গ্রহণের শেষ ধাপ পর্যবেক্ষণ করা যাবে।
গ্রহণের সময়সূচি ও স্থায়িত্ব
আইএসপিআরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মধ্য দিয়ে গ্রহণের সূচনা হবে। বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হবে পূর্ণগ্রহণ এবং ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ সংঘটিত হবে। এ সময় গ্রহণের সর্বোচ্চ মাত্রা থাকবে ১.১১৫।
অন্যদিকে NASA জানিয়েছে, পুরো গ্রহণ প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। এর মধ্যে প্রায় এক ঘণ্টা চাঁদকে গাঢ় লাল রঙে দেখা যাবে, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত।