

ঢাকায় আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলায় বিশ্বের ২০টিরও বেশি দেশের অংশগ্রহণ থাকবে।
মেলায় এয়ারলাইনস, হোটেল, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা, পর্যটন পণ্য ও বিভিন্ন গন্তব্য সম্পর্কে তথ্য তুলে ধরার পাশাপাশি ইনবাউন্ড, আউটবাউন্ড ও অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রমের সুযোগও তুলে ধরবে।
আয়োজকদের মতে, এ মেলা বাংলাদেশের পর্যটন খাতে নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় পর্যটন সংস্থাগুলোর কার্যক্রম আরও সমৃদ্ধ ও বিস্তৃত করা এবং দেশীয় পর্যটন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পর্যটন সংস্থার যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে।